দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রামের হাটহাজারী উপজেলা জুড়ে সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমে নতুন গতি এসেছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় উন্নয়ন প্রকল্পসহ একদিনে ৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
মঙ্গলবার ( ১২ মে) প্রকল্পকাজের উদ্ধোধন শেষে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। গ্রামীণ জনপদকে শহরের সুযোগ-সুবিধায় সাজিয়ে তোলার লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। এই ৮টি প্রকল্প বাস্তবায়নের ফলে হাটহাজারীবাসীর যাতায়াত কষ্ট লাঘব হবে এবং স্থানীয় অর্থনীতিতে গতি আসবে।’
তিনি আরও বলেন, ‘সরকারের লক্ষ্য হলো শহর ও গ্রামের বৈষম্য কমিয়ে প্রতিটি অঞ্চলে সমান উন্নয়ন নিশ্চিত করা। হাটহাজারীতে শিক্ষা, যোগাযোগ ও নাগরিক সুবিধা সম্প্রসারণে ভবিষ্যতেও আরও বড় প্রকল্প গ্রহণ করা হবে।’
উদ্বোধনকৃত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে, সড়ক কার্পেটিং, আরসিসি ঢালাই সড়ক, ড্রেন নির্মাণ, ব্রিজ ও জনসাধারণের চলাচল সহজীকরণে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কাজ। স্থানীয়দের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে এসব প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সরেজমিনে দেখা যায়, আগে কাঁচা ও ভাঙাচোরা সড়কের কারণে যেসব এলাকায় বর্ষা মৌসুমে চলাচল ছিল অত্যন্ত কষ্টকর, সেখানে এখন উন্নত সড়ক নির্মাণের ফলে যোগাযোগ ব্যবস্থায় এসেছে দৃশ্যমান পরিবর্তন। গ্রামীণ অর্থনীতি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সঙ্গে যোগাযোগ সহজ হওয়ায় স্থানীয় মানুষের জীবনযাত্রার মানও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মুমিন, হাটহাজারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা। এসময় বিএনপির স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
অ/এমএম